চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক জনসভায় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, গত ১৬ বছরে যারা নির্যাতন, মামলা ও হামলা চালিয়েছে—তাদের বিচার একদিন হবেই। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সরকার যদি মনে করে এ বিচার করতে সময় লাগবে, তাহলে জনগণের হাতে ছেড়ে দিক, বিএনপিই সেই বিচার করবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিচুবাগান বাসস্টেশনে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান দেশে ফেরার আগেই রাঙ্গুনিয়ার নেতৃত্ব জনগণ ঠিক করবে বলে জানিয়ে হুম্মাম কাদের বলেন, শহরে বসে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না— নেতৃত্ব নির্ধারণ করবে কেবল জনগণ।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি জানান, রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি হচ্ছে এবং নির্বাচনের আগেই তাদের খালি করে দেওয়া হবে। দলের ভেতরের বিভাজন প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রুপিংয়ের কারণে জাতীয়তাবাদী শক্তি দুর্বল হয়ে পড়ছে, কর্মীদের মাথা নত করা যাবে না—সবসময় মাথা উঁচু করে বলতে হবে আমরা জিয়ার সৈনিক।
গণতন্ত্রে বিশ্বাসের কথা উল্লেখ করে হুম্মাম কাদের বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে আস্থা রাখে এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করে। তিনি নিজেকে রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, “সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন বাঘ, তার গর্জন সবাই শুনেছে— আমি সেই বাবার সন্তান।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক বাবুল। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা শওকত আলী নূর, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, হাজী ইলিয়াস সিকদার, মুজিবুল হকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।