পিরোজপুর প্রতিনিধি:
ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জিয়ানগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল র্যালি উপজেলা কলেজ মোড় থেকে শুরু হয়ে জিয়ানগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি সমাবেশ স্থলে গিয়ে মিলিত হয়।
সমাবেশে জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার এর পরিচালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং আহবায়ক কমিটি’র সদস্য সাইদুল ইসলাম কিসমত।
বক্তব্যে জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,
“ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন— আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।
তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের কথা বলেছেন, তা দেশের মানুষের মুক্তির সনদ। আপনারা এই ৩১ দফার পক্ষে থাকুন— ইনশাআল্লাহ, ধানের শীষ বিজয়ী হবে।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২৩ লাখ কোটি টাকার বেশি লুটপাট করেছে। শুধু অর্থ নয়— এই সরকারের আমলে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে।”
এ বিজয় র্যালি ও সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।