প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বলেন,
“চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সে কারণেই তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই মুহূর্তে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। একই তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
গত ৬ মে যুক্তরাজ্য থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। সেখানে চার মাস ধরে ‘লন্ডন ক্লিনিকে’ অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। দেশে ফিরে তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। ১৭ দিন সরাসরি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসকদের পরামর্শে থেকে চিকিৎসা চালিয়ে যান।
তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। তবে লন্ডনের চিকিৎসকরা তাঁর লিভার প্রতিস্থাপন ঝুঁকিপূর্ণ বিবেচনা করে তা স্থগিত রেখেছেন।