দেশে নতুন রাজনৈতিক জোয়ার সৃষ্টি হয়েছে এবং এই জোয়ারের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন দাবি করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, “এই গণজোয়ার এখন আলেম সমাজ থেকে শুরু করে নারী সমাজ পর্যন্ত বিস্তৃত। ইনশাআল্লাহ, এনসিপির নেতৃত্বেই আগামীতে সরকার গঠন হবে।”
বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুরের শাহরাস্তিতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, “আমরা রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। আগামীতে সরকার গঠনের পর সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে নতুনভাবে গঠন করা হবে, যাতে তারা সত্যিকারের জনগণের সেবক হয়ে কাজ করে।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “যেকোনো গোষ্ঠী, দল বা ব্যক্তি যদি এনসিপির পথ রোধ করতে চায়, তারা সফল হবে না। কারণ আমাদের আন্দোলন জনগণের আন্দোলন, রাষ্ট্র সংস্কারের আন্দোলন।”
এনসিপির নেতৃবৃন্দ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এখন সময় সতর্ক থাকার। রাষ্ট্র পরিবর্তনের এই পথচলায় কোনো ছাড় দেওয়া হবে না। যারা ষড়যন্ত্র করবে, তাদের ইতিহাসে তুলে ধরা হবে।”
পথসভায় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শেখ রহমত উল্লাহ, আবদুল্লাহ আল আল রেদওয়ান, এমরান হোসেন, হাসান মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেন। এনসিপি নেতারা জানান, এই পথসভা শুধু একটি কর্মসূচি নয়—এটা রাষ্ট্র গঠনের আহ্বান।