“শুধু নির্বাচন আর ক্ষমতার চেহারা পাল্টানোর জন্য নয়, মানুষ রাস্তায় নেমেছে এই দেশটা বদলানোর জন্য,”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, দেশের পুরোনো, ভাঙাচোরা ও অবিচারপ্রবণ ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া এই গণআন্দোলনের ইতি ঘটবে না।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপি আয়োজিত এক পথসভায় এ বক্তব্য রাখেন তিনি।
তাসনিম জারা বলেন, ‘আপনাদের সন্তানেরা রাস্তায় নামছে বুলেট ও গুলির ভয় না করে। যারা শহীদ হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা থামব না। এই বাংলার মাটিতে যে পুলিশ বাহিনী আমাদের গুলি করেছে, গুম করেছে, তাদের সংস্কার হতেই হবে। এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচার হতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এমন রাজনীতি করতে চাই না, যেখানে মানুষের কথা বলতে পারব না। আমরা এমন রাজনীতি করতে চাই- যেখানে আপনাদের কথা আমাদের মুখ থেকে বের হয়। আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয়।’