ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ জুন) তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তারেক রহমান লিখেছেন, “লন্ডনগামী একটি বিমান, যা বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী বহন করছিল, ভারত থেকে উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়ে পড়ে। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সবাই এই শোকের সময় তাদের পাশে দাঁড়াই এবং আমাদের প্রার্থনা ভাগ করে নিই।”
বিমানটি বৃহস্পতিবার দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয়। কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ২৪২ আরোহী ছিলেন, যাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক। দুর্ঘটনায় বিমানের সব আরোহী নিহত হন।
এই ভয়াবহ দুর্ঘটনা আন্তর্জাতিক স্তরে শোকের ছায়া ফেলেছে এবং বিমান নিরাপত্তার বিষয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন দুর্ঘটনার কারণ নির্ণয়ে কাজ করছে। দেশের বিভিন্ন স্তরের মানুষ নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন।