শনিবার (৩১ মে) ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীন সরকারের উদ্দেশে বলেন, “সারা দেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। নির্বাচন দিতে ১০ মাস লাগে না, অথচ আপনারা ১০ মাস পার করেছেন।”
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এটি খুব বড় কোনো সংস্কার নয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সরকার সম্মানের সঙ্গে বিদায় নিলে, বিএনপি ও দেশের মানুষ সহযোগিতা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি মহসিন মিয়া, সহসভাপতি শহীদুজ্জামান, সাবেক
সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সদস্যসচিব নিহার হোসেন ফারুক, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম (বিউটি), লাইব্রেরি সম্পাদক নার্গিস পারভীন মুক্তি এবং সহসম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর এ্যানি প্রমুখ।
জিয়াউর রহমানকে স্মরণ করে জয়নুল আবেদীন বলেন, “ফ্যাসিস্ট সরকার চেয়েছিল জিয়াউর রহমানের নাম মুছে দিতে, কিন্তু পারেনি। তিনি মানুষের অন্তরে গেঁথে আছেন, কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন।”
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের পরিবার নানা সংগ্রাম অতিক্রম করে টিকে আছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েও সরকার পারেনি। তিনি আগের চেয়ে ভালো আছেন। তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এর আগে সকাল ৯টায় আইনজীবী সমিতির সদস্যরা তাদের সন্তানদের নিয়ে এসে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতায় অংশ নেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।