সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের অবস্থা ও আশংকাজনক।
সোমবার (১৯ মে) সকাল ৬ টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
নিহত ব্যাক্তিদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩৪) ও যাত্রী দেলোয়ার হোসেন (৩৫) নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬ টায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল। অপরদিকে একটি ট্রাক ঠাকুরগাঁয়ের দিকে যাচ্ছিল । পথিমধ্যেই ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। সেখানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত পাঁচ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরেক যাত্রী মারা যান।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।