সোহেল রানা, সিঙ্গাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিঙ্গাইরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করায় পর পর দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ও শনিবার (১৭ মে) সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকার সিঙ্গাইর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। নিহত নবজাতকদের স্বজনরা জানান, ‘টেজিড’ নামের মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ করায় শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
জানা গেছে, গত শুক্রবার মধ্য সিঙ্গাইরের মাজেদুল ইসলামের স্ত্রী ও শায়েস্তা ইউনিয়নের চর লক্ষীপুরের ফিরোজের স্ত্রী প্রসব বেদনা নিয়ে উক্ত হাসপাতালে ভর্তি হন। অস্ত্রচারের মাধ্যমে উভয় নারী পুত্র সন্তানের জন্ম দেন। এরপরই নবজাতকদের শরীরে ২৫০ মিলি ‘টেজিড’ নামের ইনজেকশন পুশ করেন নার্স। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দুই শিশুর হৃদস্পন্দন কমে আসে। তাদের মধ্যে একজন ঢাকায় নেওয়ার পথে ও অপরজন শনিবার সকালে স্থানীয় হাসপাতালে মারা যায়।
নিহত শিশুর বাবা মো. ফিরোজ বলেন, “ডাক্তার শামিমা রহমান অস্ত্রচার করেন। এরপর নার্স মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করে। এক ঘণ্টার মধ্যেই আমার ছেলের মৃত্যু হয়।” একই অভিযোগ করেছেন অন্য নবজাতকের বাবা মাজেদুল ইসলাম। তিনি বলেন, “জন্মের পর সন্তান সুস্থ ছিল। ইনজেকশন দেওয়ার পর তার অবস্থা খারাপ হতে থাকে। পথে মৃত্যুবরণ করে। এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা।”
ক্লিনিক মালিক মিজানুর রহমান লিটন বলেন, “এটি একটি দুর্ঘটনা। আমরা সমাধানের চেষ্টা করছি।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাফছান রেজা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
সিঙ্গাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলমান। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”