আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) আর্বিভূত হয়নি। আমার দৃষ্টিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আর এটা সময়ের ওপর নির্ভর করবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের সরকার। এ সরকার যদি সবার ঐক্যমতের ভিত্তিতে ৩-৪ বছর থাকতে পারে তাহলে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্খা ছিল সেই পথে অনেকটা এগিয়ে যাবে।
রাজনৈতিক দলগুলো গত ১৬-১৭ বছর ধরে বলে আসছে ভোট, নির্বাচন ও গণতন্ত্র চাই। আর তরুণদের আকাঙ্খা যেগুলো দেয়ালে দেয়ালে লেখা হয়েছে সেখানে অবিলম্বে নির্বাচনের কথা বলা নেই। তরুণদের আকাঙ্খা ভিন্ন হলেও মর্যাদার জায়গায় দুটিই সমান।
রাজনৈতিক দলের আকাঙ্খাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংস্কার, বিচার, নির্বাচন এর কোনটাকেই আমি একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।