নারায়ণগঞ্জে বিএনপি নেতার কার্যালয় থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার একটি অফিস থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল ওরফে ডঙ্কু রাসেল সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন বলেন, সোমবার রাতে তার অফিসে একটি সালিশি বৈঠক চলছিল, যেখানে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ এসে রাসেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম জানান, বিএনপি নেতাদের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা চলছিল। বিএনপির এক ওয়ার্ড নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা রাসেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য মতে, রাসেল নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া জুলাই-আগস্ট আন্দোলন প্রতিহত করতে তার বাহিনী নিয়ে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।
রাসেলের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও বিএনপির নেতাদের সঙ্গে তাদের গোপন যোগাযোগ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।