নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টুর পিতা ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা (৭০) ইন্তেকাল করেছেন । আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বেলা ১১ টায় নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া ঈদগাহ মাঠে ১ম জানাযা ও বাদ আছর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সবুজ পাহাড় মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু তিনি বিএনপির বিভিন্ন পদে থেকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার এক ছেলে আকরামুল হাসান মিন্টু বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক।
জেলা বিএনপির আহবায়ক খাইরুল কবির খোকন মরহুমের স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে নেতা কর্মীদের কে বলেন, সুলতান উদ্দীন মোল্লা আমৃত্যু শহিদ জিয়ার আদর্শ কে বুকে লালন করে, বিএনপির রাজনীতি করে গেছেন। প্রতিটি লড়াই সংগ্রামে আমাদের সাথে ছিলেন। আওয়ামী ফ্যাসিবাদের জেল, জুলুম, হুমকি তাকে পরাস্ত করতে পারেনি। নরসিংদী জেলা বিএনপি একজন আদর্শ নেতাকে হারালো।