নির্বাচনের পর দেশের মানুষের দুর্ভোগ বেড়েছে বলে মন্তব্য করেছেন মুফতি আবদুল হান্নান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির।
শনিবার (২ মে) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের আয়োজিত গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে বলা হয়েছিল ভোটের মাধ্যমে মানুষের সব সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে নির্বাচনের পর মানুষের ভোগান্তি আরও বেড়েছে। সংসদে সরকারের কিছু মন্ত্রীর বক্তব্যে গণভোটের রায়কে অবজ্ঞা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মুফতি আবদুল হান্নান বলেন, বর্তমানে লোডশেডিংয়ের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও মানুষের কষ্ট বাড়িয়েছে। তিনি দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং ডিজেল, পেট্রোল ও এলপিজি গ্যাসের মূল্য কমানোর দাবি জানান।
তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন এবং সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।