জাতীয় সংসদে পুঁজিবাজারে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ তুলে আলোচনার ঝড় তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি দাবি করেন, গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে।
তিনি বলেন, ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার ধসের ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার মতে, সাধারণ মানুষের সঞ্চিত অর্থ একটি প্রভাবশালী গোষ্ঠীর হাতে চলে গেছে, অথচ এখনো কেউ জবাবদিহির আওতায় আসেনি।
এই পরিস্থিতিতে পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।
এ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ২০১০ সালের কেলেঙ্কারির সময় বিদেশে অর্থ পাচারের অভিযোগ তুলে কঠোর শাস্তির দাবি জানান।
জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে যা ঘটেছে তা দুঃখজনক এবং সরকার পুঁজিবাজার সংস্কারে কাজ করছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কমিশনকে পুনর্গঠন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনা শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়, যা ভবিষ্যতে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।