ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় তিনি আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদন জমা দেবেন।
এনসিপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরিতে যোগ দিয়ে ২০২৫ সালে পদত্যাগ করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারেন না। এই শর্ত পূরণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংরক্ষিত নারী আসনে জমা দেওয়া অধিকাংশ মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আরেক প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়নি।
তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।