কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক আওয়ামী লীগ নেতা মারা যাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে তার মায়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান কটিয়াদী উপজেলর ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন।
বাড়িতে এই খবর পৌঁছনোর চার ঘণ্টার মাথায় রোববার ভোর ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তার মা জুবাইদা মনি। পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।
শাহীনের ভাইরা-ভাই শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এ জন্য তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন। শাহীনের প্রতি তার মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।
আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে স্বর্ণপদকে ভূষিত হন।
সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে। এমন ঘটনা সত্যই অত্যন্ত বেদনাদায়ক।