ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) অভিযোগ করেছেন, ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ড ও দেশের চলমান সংকট আড়াল করতেই সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে একটি টেলিভিশন টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান সাদিক কায়েমের বিরুদ্ধে কয়েকটি ফেসবুক পেজ পরিচালনা ও অর্থায়নের অভিযোগ তোলেন।
এর প্রেক্ষিতে সাদিক বলেন, অভিযোগগুলো ‘সংঘবদ্ধ অ্যাকটিভিজম’-এর অংশ, যার মাধ্যমে ছাত্রদলের অপকর্ম ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপতৎপরতা আড়াল করার চেষ্টা হচ্ছে।
তিনি দাবি করেন, ‘ডিইউ ইনসাইডার্স’ নামে একাধিক ভুয়া পেজ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এসবের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের কথাও জানান তিনি।
পোস্টে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে দীর্ঘদিন ধরে ভুয়া তথ্য ও বিকৃত প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীরা যথাসময়ে জবাব দেবে।