ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সম্পাদক জুয়েল রানা, বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির সভাপতি সাকিব আসলাম, সম্পাদক রবিউল আলম সহ অন্যান্য সদস্যরা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, মামলা গ্রহণ, আইনগত ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম বলেন, ২২ ও ২৩ এপ্রিল সাংবাদিকদের ওপর হেনস্তা ও অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এমনকি শাহবাগ থানার ভেতরেও এই হামলা হওয়া নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্ন তোলে। তিনি এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে বহিষ্কার করতে হবে এবং ক্যাম্পাস সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ছাত্র সংগঠনের সহযোগিতা প্রয়োজন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও তাদের বহিষ্কার করতে হবে।
তিনি আরো বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হলেও তার পরিণতি ভালো হয়নি। একই পথে চললে ভবিষ্যতেও এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি স্পষ্টভাবে জানান, সত্যের পক্ষে সাংবাদিকদের কলম কখনো থামবে না। হামলায় জড়িতদের দ্রুত সংগঠন থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান তিনি। পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলা মানেই গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা সত্য ও ন্যায় তুলে ধরার জন্য কাজ করেন। তাদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনামলেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং এর পরিনতি দেশবাসী দেখেছে। এই পথে হাঁটলে একই পরিনতি এড়ানো যাবে না। হামলায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং রাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও শিবিরের উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের কিছু নেতাকর্মীদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১০ সদস্য হামলার শিকার হন।