আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে এবং সাংবাদিক নূর হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এবং সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি মুক্তার হোসেন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন ফারুক বলেন, “আমি যতবার নির্বাচন করেছি হারিনি। এর একমাত্র কারণ সেনবাগে তারেক রহমানের আদর্শে গড়া একঝাঁক কর্মী রয়েছে, যারা দেশপ্রেম, ভালোবাসা ও দেশসেবায় বিশ্বাসী এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে।
” তিনি আরও বলেন, “সেনবাগে ইয়াবা সমস্যার বিষয়ে আমি কথা বলেছি। গত তিন দিনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এজন্য সেনবাগ থানার পুলিশকে ধন্যবাদ জানাই। আমি চলে যাওয়ার পরও যেন ইয়াবার বিরুদ্ধে এই অভিযান বন্ধ না হয়।”
এসময় তিনি উপজেলা প্রশাসনের নারী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা দয়া করে খোঁজ রাখবেন। সেনবাগ কলেজ সড়কের আশপাশে রাতের দিকে মাদক সেবনের অভিযোগ রয়েছে, বিষয়টি নজরদারিতে আনা প্রয়োজন।” অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।