পটুয়াখালীর দুমকী উপজেলার চরগরবদী ফেরিঘাট এলাকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জহিরুল (বৃদ্ধ)-এর মরদেহ দীর্ঘ ৩১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চরগরবদী ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বালুবাহী জাহাজের শ্রমিকরা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, গত ২১ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ফেরি থেকে নামার সময় ফেরি ও পল্টনের মাঝখানের ফাঁকা অংশে পা পিছলে নদীতে পড়ে যান বাউফল উপজেলার জহিরুল নামের এক বৃদ্ধ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়। অবশেষে ঘটনার প্রায় ৩১ ঘণ্টা পর একই ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হলো।
এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।