বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক ওয়াইফাই সেবা কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ইউনিয়নের পাবনিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ার এলাকায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফ। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বড়লেখা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। আগামীকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।