রাশিমুল হক রিমন, বরগুনা
দেশে সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে উপকূলীয় জেলা বরগুনার আমতলী উপজেলায় পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এই সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও সমালোচনা দেখা দিয়েছে, কারণ তাদের অনেকেই আগে থেকে এ বিষয়ে অবগত ছিলেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান সোমবার (সকাল ১১টা) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় হাম রোগ প্রতিরোধ, টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা যুগ্ম সচিব মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, টিকাদান কার্যক্রমের অগ্রগতি এবং রোগ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, হাম প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই, তাই প্রত্যন্ত অঞ্চলেও শতভাগ কভারেজ নিশ্চিত করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার, পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আরিফ চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।
এদিকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের একটি অংশ অভিযোগ করেছেন, এত গুরুত্বপূর্ণ একটি সরকারি কর্মসূচি সম্পর্কে তাদের জানানো হয়নি, যা স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রশাসনের পরিপন্থী।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধা বলেন, আমরা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলছি। আজকের মতো গুরুত্বপূর্ণ সভায় আমরা থাকলে এসব বিষয় তুলে ধরতে পারতাম। সম্ভবত সে কারণেই আমাদের ডাকা হয়নি।
একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ওমর ফারুক জেহাদি। তিনি বলেন, রাষ্ট্রীয় কর্মসূচিতে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে বাদ দেওয়া অনাকাঙ্ক্ষিত। এতে জনগণের আস্থা ক্ষুণ্ন হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, বরগুনা সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে আমন্ত্রণ জানানো হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানিয়েছে, আমতলীসহ বরগুনার বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহে শিশুদের মধ্যে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে আসার সংখ্যা বেড়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা টিকাদানের বাইরে ছিল বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, যা পরিস্থিতি মোকাবিলায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সফরটি পরিকল্পিতভাবে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে, যাতে স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো প্রকাশ্যে না আসে। এ নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।