মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আড়িয়াল ইউনিয়নের বিসাউল্লাহ গ্রামের রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের আরাফাত খা (২২)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিজান ঢালী বন্ধুদের সঙ্গে ফজুশাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিজান ঢালী বিসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে।
অন্যদিকে, আরাফাত খা নিজ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হাইয়ারপাড়া গ্রামের জসিম খার ছেলে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।