মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইনক্রিমেন্ট কম দেওয়ার অভিযোগে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নাওজোড় উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, নাওজোড় এলাকার মাস্টার চ্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে প্রত্যাশার তুলনায় কম ইনক্রিমেন্ট পান। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় উড়ালসড়কের নিচে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তাদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।
বিক্ষোভের সময় শ্রমিকরা ১০ দফা দাবি জানান। তাদের দাবির মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত বকেয়া তিন মাসের বেতন পরিশোধ, বিকেল ৫টার পর কাজ করলে ওভারটাইম দেওয়া, বাৎসরিক বোনাস বেসিক বেতনের অর্ধেক প্রদান, কাজের রেট বৃদ্ধি, সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ, শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ এবং চাকরি ছেড়ে দিলে তিন মাসের বেতন প্রদান।
গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে বলা হয়েছে।