মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন গাজীপুরা এলাকায় এক কোম্পানির বিক্রয় কর্মীর কাছ থেকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় বিক্রয় কর্মীসহ তিনজন আহত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সেলিম (৩৭), রাজন (৩২) ও এরশাদ (৪২)। সেলিম ফেনী জেলার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা এবং তিনি প্যারাসুট নারিকেল তেলের ডিস্ট্রিবিউশন ও বিক্রয় কর্মী হিসেবে কাজ করেন। রাজন ও এরশাদ গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিক্রয় কর্মী সেলিম তার সহকর্মী রাজন ও প্রাইভেটকার চালক এরশাদকে নিয়ে ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। পরে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৮১ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় ছিনতাইকারীদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সেলিমসহ তিনজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরের তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে রাজন ও এরশাদ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, “ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।”