জবি প্রতিনিধি
সাবেক ও বর্তমান সদস্যদের পদচারণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল পরিণত হয় কর্পোরেট দিকনির্দেশনা আর নেটওয়ার্কিংয়ের এক প্রাণবন্ত আড্ডায়।
শনিবার (০৭ মার্চ) রাজধানীর ওয়ারীস্থ ‘ফ্রাইজো’ রেস্টুরেন্টে এমনই এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের বার্ষিক ইফতার মাহফিল।
পবিত্র রমজান মাসের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলায় ক্লাবের বর্তমান সদস্য ও অ্যালামনাইরা অংশগ্রহণ করেন। বিকাল ৫টা থেকেই আমন্ত্রিত অতিথিদের আগমনে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
ইফতারের এই আসরে উপস্থিত ক্লাবের সাবেক নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সদস্যরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা জানান, কর্পোরেট জগতে টিকে থাকতে হলে পড়াশোনার পাশাপাশি নেটওয়ার্কিং ও কমিউনিকেশন স্কিল অত্যন্ত জরুরি। এ ধরনের ইভেন্ট, কন্টেস্ট ও সাংগঠনিক কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে দেয়। সাংগঠনিক সফলতার জন্য তারা সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
সুসংগঠিত ঐক্যের ওপর জোর দিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, “শত ব্যস্ততার মাঝেও ক্যারিয়ার ক্লাবের সদস্যরা যেভাবে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন, তা আমাদের ঐক্যেরই প্রতীক।” ক্লাবের অতীতের সফল আয়োজন ‘জব জাংশন’-এর স্মৃতিচারণ করে তিনি জানান, পেশাদার দক্ষতা উন্নয়নে জবি ক্যারিয়ার ক্লাব ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার ও প্রোগ্রামের পরিকল্পনা হাতে নিয়েছে।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি এ.কে.এম. তামীম রহমান শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “পবিত্র রমজানের এই আয়োজন আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি বিশেষ মাধ্যম। ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা। আমরা চাই প্রতিটি সদস্য যেন এখান থেকে নেতৃত্ব ও পেশাদারিত্বের শিক্ষা নিয়ে কর্মজীবনে সফল হতে পারে।” আগামীতে নেটওয়ার্কিং বৃদ্ধিতে ক্লাব আরও কার্যকর ও গঠনমূলক উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি জানান।
ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে ক্লাবের ম্যানেজমেন্ট ট্রেইনি, সাধারণ সদস্য ও অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন। ইফতার শেষে সকলে একে অপরের সাথে সৌজন্যতা ও ক্যারিয়ার ভাবনা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর ও প্রাণবন্তভাবে সমাপ্ত হয়।