মো. বদরুল আলম, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে তাঁকে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন। শেষ ছয় দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে চলে যান বলে জানা যায়।
মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি কলকাতায় যান মেয়ে জাকিয়া ইসলাম।
প্রবীণ আইনজীবী জোয়াহেরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই বেশি পরিচিত ছিলেন।
তাঁর বাড়ি সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে। পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর মরদেহ দেশে এনে নিজ গ্রামে দাফন করতে চায় পরিবার।
এ বিষয়ে তাঁর ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান বলেন, “আমরা চাই, আমার ভাইয়ের মরদেহ আমাদের গ্রামে আনা হোক। সে জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।