মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে তেহরান। এসব হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
রোববার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় তিনজন নিহত এবং অন্তত ৫৮ জন হালকা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। খবর দিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান আঞ্চলিক পরিস্থিতির কারণে একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। আহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়।
এদিকে ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যাঞ্চলের বেইত শেমেশ শহরে হতাহতের ঘটনা ঘটেছে। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহরটিতে সরাসরি আঘাতে কয়েকজন নিহত হন। একটি জরুরি চিকিৎসা সেবা সংস্থার মুখপাত্র জাকি হেলার টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতে চারজন নিহত হয়েছেন।
তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অন্তত ছয়জন নিহতের কথা বলা হয়েছে, আর আল জাজিরা জানিয়েছে নিহতের সংখ্যা আট।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসক এবং হতাহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে।
অন্যদিকে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছেন বলেও তিনি উল্লেখ করেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?