সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে বড় ঘোষণা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানিয়েছেন, আগামী ১৮০ দিনের মধ্যে সরাসরি বুড়িমারী থেকেই ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে।
রোববার লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারের অঙ্গীকার
মন্ত্রী দুলু বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। বিশেষ করে লালমনিরহাট জেলার অর্থনৈতিক চেহারা বদলে দিতে সরকার চারটি বড় প্রকল্প নিয়ে কাজ করছে লালমনিরহাট বিমানবন্দর সচলকরণ, চতুর্মুখী যোগাযোগ ব্যবস্থার জন্য ফোরলেন সড়ক নির্মাণ, জেলার কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উত্তরবঙ্গের আশীর্বাদ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন।
তিনি উল্লেখ করেন, প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজগুলো দৃশ্যমান হয়।
হতদরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রী একটি নতুন পাইলট প্রকল্পের ঘোষণা দেন। তিনি জানান, প্রাথমিকভাবে লালমনিরহাটের আটটি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা হবে। পর্যায়ক্রমে এই সেবা জেলার প্রতিটি অভাবী পরিবারে পৌঁছে দেওয়া হবে।
উন্নয়ন পরিকল্পনা ও আগামী ১৮০ দিন
জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী ৬ মাসের মধ্যে জেলায় কোন কোন উন্নয়নকাজ বাস্তবায়ন সম্ভব, তার একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।
তিনি আরো যুক্ত করেন “আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রস্তাবনা উপস্থাপন করবেন। সেই প্রস্তাবনা যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে লালমনিরহাটের উন্নয়ন কার্যক্রম শুরু হবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। স্থানীয় সুধীসমাজ মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে লালমনিরহাট একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।