জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের একটি মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সতর্ক সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন তামিম।
তাঁর মতে, আবেগ নয় বরং দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নিয়েই ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে, যা আগামী ১০ বছরে দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য ইতিবাচক হবে।
গত বৃহস্পতিবার মিরপুরে এক অনুষ্ঠানে তামিম এ মন্তব্য করেন। তবে এরপরই বিষয়টি ভিন্ন মাত্রা পায়, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে তামিমকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন।
তামিমের ছবি ও বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে দেওয়া ওই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পোস্টটি ঘিরে ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, বোর্ডের দায়িত্বশীল একজন পরিচালক কীভাবে প্রকাশ্যে একজন সাবেক অধিনায়ককে এভাবে আক্রমণ করতে পারেন। সমালোচনার মুখে পড়ে কিছুক্ষণ পরই নাজমুল ইসলামের ফেসবুক পোস্টটি মুছে ফেলা হয়।
ঘটনাটি বিসিবির অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মতপ্রকাশের দায়িত্বশীলতার বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে। একই সঙ্গে জাতীয় ক্রিকেটের স্বার্থে মতভিন্নতা কীভাবে সম্মানজনকভাবে প্রকাশ করা উচিত, সে প্রশ্নও সামনে এসেছে।