পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, গলাচিপায় যে জনসমর্থনের জোয়ার তৈরি হয়েছে, তা আর কেউ ঠেকাতে পারবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া এবং বিজয়ের পর শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।
নুর বলেন, বর্তমান বাস্তবতায় যদি সুযোগ কাজে লাগানো না যায়, তাহলে ভবিষ্যতে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হবে। সময় ও প্রতিকূলতার কারণে তিনি সবার কাছে যেতে না পারার জন্য ক্ষমা চান এবং দল-মত নির্বিশেষে উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার অনুরোধ করেন তিনি।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে নুর জানান, রাস্তাঘাটের করুণ অবস্থা থেকে উত্তরণে পরিকল্পিত সড়ক নির্মাণ, দুই উপজেলার হাসপাতাল আধুনিকীকরণ করে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা, কৃষকদের ন্যায্যমূল্য ও আধুনিক উপকরণ নিশ্চিত করা হবে। জেলে ও মৎস্যচাষিদের নিরাপত্তা এবং হয়রানি বন্ধের প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি আরও বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, তরুণদের খেলাধুলা-কর্মসংস্থান এবং বেকারত্ব দূরীকরণ অগ্রাধিকার পাবে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সম্মান রক্ষার অঙ্গীকার করে তিনি বলেন, তারেক রহমান–এর নেতৃত্বে এই অঞ্চলকে উন্নয়ন, সম্প্রীতি ও ন্যায়ের উদাহরণ হিসেবে গড়ে তোলা হবে।