জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর চিকিৎসাধীন থাকার পর জুলাইযোদ্ধা আশরাফুল (৩২) মারা গেছেন। গতকাল রোববার সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আশরাফুল মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।
থাইল্যান্ডে তিনি টানা ১৪ মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর আশরাফুলকে আবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদ আশরাফুলের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। শহীদ আশরাফুলের পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং দাফন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তাসহ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন কৃষিবিদ মিথুন।