ভোটারদের প্রতি অভিনব ভঙ্গিতে শুভেচ্ছা জানিয়েছেন আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার বিকেলে গণমিছিলে অংশ নিয়ে পথচারী ভোটারদের উদ্দেশ্যে তিনি উড়ন্ত চুমু দেন, যা মুহূর্তেই উপস্থিত জনতার দৃষ্টি কাড়ে।
বিকাল ৫টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী-সমর্থকেরা একটি গণমিছিল বের করেন। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মিছিলে হাজারের বেশি মানুষ অংশ নেন।
মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। প্রচারণার সময় পথে পথে সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন রুমিন ফারহানা। প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার আগে এটিই ছিল তার শেষ গণমিছিল।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।