জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের রাজনৈতিক ভালো চান, তাহলে তাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন-কে চুপ করানো উচিত।
তিনি বলেন, “নয়ন যত কথা বলবে, মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে। মির্জা আব্বাস নয়নকে বলবেন—নয়ন, তুমি ভালো হয়ে যাও।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পাটওয়ারী। তিনি বলেন, আসন না পাওয়ায় নয়ন হতাশায় ভুগছেন এবং এ কারণে তার সঙ্গে মির্জা আব্বাসেরও কিছুটা টানাপোড়েন থাকতে পারে।
নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাটওয়ারী বলেন, তার বাসার সামনে অচেনা লোকজন মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে, যা তাকে শঙ্কিত করছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার পরিবার যেন নিরাপদ থাকে, সে ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে গিয়ে নয়ন দলীয় কর্মীদের কাছে তার বাসার ঠিকানা জানতে চান। ওই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।