বাংলাদেশের রাজনীতি ও নেতৃত্ব ক্রমেই পারিবারিক সম্পত্তিতে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই দেশ কারো জমিদারি নয় এবং রাজার ছেলে রাজা হবে এই ধারণা তারা মানেন না। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই এ দেশের নেতৃত্ব নির্ধারিত হওয়া উচিত বলে তিনি মত দেন।
রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতি এখন অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। রাজনীতি ও নেতৃত্বকে একটি বিশেষ গোষ্ঠীর পারিবারিক সম্পত্তির মতো ব্যবহার করা হচ্ছে, যা দেশের জন্য অশনিসংকেত।
তিনি লেখেন, এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে এমন চিন্তা তারা প্রত্যাখ্যান করেন। যোগ্য যে কেউ দেশের নেতৃত্বে আসবে, ইনশাআল্লাহ এটাই হওয়া উচিত।
দলীয় অঙ্গীকারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, তাদের এমপিরা রাষ্ট্রের দেওয়া প্লট গ্রহণ করবেন না, বিলাসী গাড়ি ব্যবহার করবেন না এবং কোনো ধরনের বিশেষ সুবিধাও নেবেন না। এমপিদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। রাষ্ট্র পরিচালনাকে লুটের লাইসেন্স নয়, বরং আমানত হিসেবে গ্রহণ করাই হবে তাদের নীতি। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া তারা করবে না এবং কাউকে করতেও দেবে না বলে তিনি জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এই নির্বাচন সুবিধাবাদীদের জন্য নয়, এটি খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মায়েরা তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকবেন না, যুবকদের কণ্ঠ রুদ্ধ করা হবে না এবং অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না। সবার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।