ঢাকা-১৫ আসনের প্রার্থী ও ডা. শফিকুর রহমান–এর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে রাজধানীর মিরপুরে বিশাল নারী মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর ১০ নম্বর ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ১০ নম্বর গোল চত্বর ঘুরে কাজীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। এ সময় তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের মহিলা বিভাগের
নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটি মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি নারীদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও উল্লেখ করেন তারা।
নারী নেতারা বলেন, ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান বিজয়ী হলে একটি সুন্দর, কল্যাণমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব হবে—এমন প্রত্যাশা নারী সমাজের রয়েছে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা যাবে বলেও তারা মন্তব্য করেন।
মিছিলের সমাপনী বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নারী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ঢাকা-১৫সহ সারাদেশে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।