ইনসাফকে রুখে দেওয়ার জন্য কারা কাজ করছে—তা জাতির সামনে পরিষ্কার করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাশেদ প্রধান বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়াই ছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের একমাত্র দাবি। হাদি হত্যার বিচার যেন জাতিসংঘের মাধ্যমে হয়—এই দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় তাদের ওপর নির্মম হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “এক শুক্রবার হাদিকে গুলি করা হয়েছিল, আরেক শুক্রবার তিনি শহীদ হন। আজ আবার শুক্রবার, আজ তার রেখে যাওয়া সংগঠনের নেতা জাবেরের ওপর গুলি চালানো হলো।”
তিনি প্রশ্ন তুলে বলেন, ইনসাফের দাবি তুললেই কেন হামলা করা হচ্ছে। কারা এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত চায় না এবং তদন্ত হলে কাদের নাম সামনে আসবে—তা জাতি জানতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নতুন করে জালেম শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। ফরিদপুরের তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তিনি নিজেই মামলার আসামি হতে প্রস্তুত।
সমাবেশের শেষাংশে তিনি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানান।