ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) কিছু কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়ে একদিকে ঝুঁকছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার বিভাগের প্রধান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় ঢাকা–১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি এই অভিযোগ করেন।
আলাল বলেন, নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা একপেশে ভূমিকা পালন করছেন। এর ফলে সারা দেশের বিভিন্ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা হবে, যাতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বাধ্য হন।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইসি কর্মকর্তাদের অবশ্যই দলনিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।