আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর মনোনীত প্রার্থী মওলানা মিজানুর রহমান মোল্লা। রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে এসে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মওলানা সরোয়ার হোসেনকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মওলানা মিজানুর রহমান মোল্লা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সারা দেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছে। তবে ফরিদপুর-৪ আসনটি উন্মুক্ত থাকায় জোটভুক্ত দুই দলের দুইজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
এতে দল ও ইসলামের বিজয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। সেই বাস্তবতা বিবেচনা করেই তিনি প্রার্থীতা প্রত্যাহার করে জামায়াতে ইসলামীর প্রার্থী মওলানা সরোয়ার হোসেনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন।
মওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আমি আমার দলের আমির মামুনুল হক-এর সঙ্গে পরামর্শ করে এবং দলীয় সিদ্ধান্ত অনুসারেই এই পদক্ষেপ নিয়েছি।
প্রায় দুই বছর ধরে ফরিদপুর-৪ আসনের তিনটি থানায় আমি নির্বাচনী প্রচারণা চালিয়েছি। তবে ইসলামের স্বার্থ ও জোটের সম্মান রক্ষার কথা বিবেচনা করেই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছি।”
তিনি আরও বলেন, এখন ফরিদপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীই বিজয়ী হবেন—এমনটাই তিনি আশা করছেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মওলানা সরোয়ার হোসেন বলেন, ফরিদপুর-৪ আসনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে শুরুতে দুইজন প্রার্থী মাঠে ছিলেন। খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মওলানা মিজানুর রহমান মোল্লা তাকে সমর্থন জানানোয় জোট আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, “এখন আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না—ইনশাআল্লাহ।”
একই সঙ্গে তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।