আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের দশ দলীয় নির্বাচনী ঐক্যের রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সন্ত্রাস ও মাদক নির্মূল, কিশোর গ্যাং সংশোধনসহ ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত অনুষ্ঠানে তিনি এসব দফা তুলে ধরেন।
তার ঘোষিত ১৩ দফা নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো হলো—
১. দুর্নীতিমুক্ত ঢাকা-১৩
ভূমি, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধনসহ সব নাগরিক সেবায় ডিজিটাল ব্যবস্থা চালু করে দালালচক্র উচ্ছেদ করা হবে। উন্নয়ন প্রকল্পের বাজেট, ঠিকাদার ও কাজের অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
২. সন্ত্রাস, মাদক নির্মূল ও কিশোর গ্যাং সংশোধন
সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিশোর গ্যাং সংশোধনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, ব্যর্থ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. নিরাপদ জনপথ ও আইনশৃঙ্খলা জোরদার
ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন, পর্যাপ্ত সড়কবাতি এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করা হবে। বাজার, টার্মিনাল ও অফিস এলাকায় বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে। টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা হবে।
৪. যানজট নিরসন ও আধুনিক নগর ব্যবস্থাপনা
অসমাপ্ত সড়ককাজ দ্রুত শেষ, ফুটপাত দখলমুক্ত, অবৈধ নির্মাণসামগ্রী অপসারণ এবং সড়ক দ্বীপে সবুজায়ন করা হবে। বেড়িবাঁধে এক্সপ্রেসওয়ে সংযোগ ও মেট্রোরেল সুবিধা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।
৫. জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষা
রামচন্দ্রপুর খালসহ সব খাল অবমুক্ত করে সমন্বিত ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।
৬. ব্যবসাবান্ধব ঢাকা-১৩
‘এক ছাতার নিচে সব সেবা’ নীতিতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হবে। স্থানীয় শিল্প, ক্ষুদ্র কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যা সমাধান এবং নতুন উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
৭. শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন ও আধুনিক ল্যাব স্থাপন করা হবে। কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং ও আইটি ট্রেনিং সেন্টার চালু করা হবে। বেদখল খেলার মাঠ পুনরুদ্ধার করা হবে।
৮. গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকটের টেকসই সমাধান
সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দুর্নীতি দূর করে ন্যায্য বণ্টন নিশ্চিত করা হবে। ঢাকার অন্যান্য এলাকার সঙ্গে তুলনায় বৈষম্য দূর করে সমান সেবা প্রদান করা হবে।
৯. স্বাস্থ্য ও নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিহারী ক্যাম্প পুনর্বাসন
সরকারি হাসপাতাল ও ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও নার্স সংকট নিরসন এবং আধুনিক ডায়াগনস্টিক সুবিধা নিশ্চিত করা হবে। টিসিবি ও সামাজিক ভাতা বিতরণে অনিয়ম বন্ধ করা হবে। জেনেভা ক্যাম্প ও বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে।
১০. ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি
সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সামাজিক অবক্ষয় রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
১১. সংস্কৃতি, ঐতিহ্য ও নাগরিক স্বাধীনতা
নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। স্বাধীনতা, বিজয় ও ভাষা দিবসসহ সব জাতীয় দিবস মর্যাদাপূর্ণভাবে ও সর্বজনীন অংশগ্রহণে উদযাপন করা হবে।
১২. নারী অধিকার ও শিশুর বিকাশ
নারী নিরাপত্তায় সিসিটিভি ও হটলাইন চালু করা হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পে নারীর কর্মসংস্থান বাড়ানো হবে। শিশুশ্রম বন্ধ এবং ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে। পতিতা ও হিজড়া জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
১৩. শহীদ ও বীরদের সম্মান এবং জবাবদিহিতার রাজনীতি
মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা ও শাপলার শহীদদের সম্মান, ভাতা ও অধিকার নিশ্চিত করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে। নিয়মিত জনসংযোগ, উন্মুক্ত মতবিনিময় এবং জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।