অপরাধীদের র্যাংকিং করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শীর্ষে থাকবেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভিযোগ তোলেন। তিনি বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিট ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে মির্জা আব্বাস কলেজের কমিটির দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন।
পাশাপাশি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ নিয়ন্ত্রণের অভিযোগও করেন তিনি। এসব বিষয় এলাকাবাসীর কাছে ‘ওপেন সিক্রেট’ বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন বলেন, দেশে অপরাধীদের তালিকা করলে মির্জা আব্বাসই শীর্ষে থাকবেন। তিনি আরও দাবি করেন, সম্প্রতি তাদের ওপর হামলার ঘটনায় মির্জা আব্বাস সরাসরি জড়িত ছিলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটিতে একজন ‘সন্ত্রাসী’কে জায়গা দিয়েছেন।
অন্যদিকে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে নিয়েও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নিজের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ নেই এবং মনোনয়নের জন্য তিনি এসবের আশ্রয় নেননি।
শেষে তিনি বলেন, তারা একটি ভাঙাচোরা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছেন। হুমকি বা শক্তি প্রদর্শনের মাধ্যমে তাকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।