ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণায় তীব্র ভাষায় বক্তব্য দিয়েছেন ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার এক নির্বাচনী সমাবেশে তিনি একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করে বলেন,
“আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু আমাকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনী মাঠে প্রভাব বিস্তারের জন্য অর্থ ও সন্ত্রাসী শক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না—সব নাকি কিনে নেওয়া হয়েছে। এসব অভিযোগ তুলে তিনি বলেন, “খেলা হবে, দেখি কেমন খেলা খেলতে পারেন।” একই সঙ্গে তিনি দাবি করেন, ভয়ভীতি দেখিয়েও ঢাকা-৮ আসন ছাড়বেন না তারা।
বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, দলটির বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হলেও তাদের কথা আজ আর বলা হয় না। বরং বিদেশ থেকে আসা ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাকে নিয়ে শুধু নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। তবে তার ভাষায়, ইতিবাচক রাজনীতি হলো চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস উচ্ছেদ করা—যাতে আর কোনো মানুষ প্রাণ হারাতে না হয়।