বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পরিকল্পিত ফ্যামিলি কার্ড হবে দেশের মা-বোনদের সবচেয়ে বড় অস্ত্র। এই কার্ডের মাধ্যমে নারীরা সংসার পরিচালনায় বাস্তব সহায়তা পাবেন এবং অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারবেন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জানান, শুধু ফ্যামিলি কার্ড নয়, বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা সরাসরি উপকৃত হন। পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পাবে বলেও আশ্বাস দেন তিনি।
পথসভায় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার জন্য দেশের মানুষ নিজেরাই যুদ্ধ করেছে। যারা তখন স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা আজ ভোট চাইছে—এ বিষয়ে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে। তিনি ভোটারদের সমর্থন কামনা করে বলেন, নির্বাচিত হলে সংসদে গিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবেন।
পথসভায় স্থানীয় ভোটাররাও তার অতীত উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।