বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে সবার আগে শোকজ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, নিয়মবহির্ভূতভাবে এনসিপির ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে তাদের শোকজ করা হয়েছে। তবে তিনি বলেন, এটি ছিল গণভোটের প্রচারণা, যা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।
তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও মিডিয়া ট্রায়ালের অংশ হিসেবে এনসিপির প্রার্থীদের শোকজ দেওয়া হয়েছে। অন্যদিকে, সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় মার্কা, নেতাদের ছবি ব্যবহার করে প্রকাশ্যে প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আসিফ মাহমুদ আরও বলেন, নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় একটি দলের চেয়ারম্যান দেশে এসে ব্যাপক পোস্টার ও ব্যানারে প্রচার পেয়েছেন। যদি ছবি ব্যবহার করাই আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে নীতিগতভাবে প্রথমে তাকেই শোকজ করা উচিত।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ক্ষেত্রে নীতি ও আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।