কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি ও লম্বা টুপি পরে ইরি ক্ষেতে নেমে পড়ার ‘হিপোক্রেসি’ এখন মানুষ ভালোভাবেই বুঝে। তিনি বলেন, লোক দেখানো রাজনীতির দিন শেষ হয়ে এসেছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন-এ আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
ইসি শুনানিকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আইনজীবীরা যখন একাডেমিক পরিবেশে যুক্তিতর্ক উপস্থাপন করছিলেন, তখন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু হঠাৎ অশোভন আচরণ করেন। তিনি অভিযোগ করেন, মিন্টু ‘ব্লাডি সিটিজেন’সহ অশ্রাব্য ভাষা ব্যবহার করেন এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার ছেলে তাবিথ আউয়াল তাকে কমিশন কক্ষ থেকে বাইরে নিয়ে যেতে বাধ্য হন।
এই ঘটনার নিন্দা জানিয়ে হাসনাত বলেন, যারা রাজনৈতিক এলিটিসিজম দেখাতে আসে, তারা যেন তা ঘরেই রেখে আসে। কাউকে অপমান করে আবার তার কাছেই ভোট চাইলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও অভিযোগ করেন, বিদেশে অর্থ পাচারকারী এলিট শ্রেণির একটি অংশ ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করে নিজেদের স্বার্থ রক্ষা করে। রক্তের ওপর দাঁড়িয়ে যারা ব্যবসা করে নিরাপদ প্রস্থান নেয়, ২৪-পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি।