ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ততই দেশের ভেতরে একটি দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠছে। তারা পরিকল্পিতভাবে জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে।
শুক্রবার বিকেলে খুলনা নগরের জামিয়া রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য এবং দলীয় অস্ত্রধারীরা এখনো ঘাপটি মেরে বসে আছে। জুলাই যুদ্ধের অগ্রসৈনিক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীরা এখনো ধরা পড়েনি, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশ্ন তোলেন, দিনদুপুরে গুলি করে হত্যাকারীরা কীভাবে নির্বিঘ্নে পালিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, বৈষম্যহীন সমাজ ও নতুন রাষ্ট্রকাঠামো গঠনের পথে বাধা সৃষ্টি করতেই এসব সহিংসতা বাড়ানো হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে খুনি চক্রের বিরুদ্ধে নজরদারি জোরদার এবং নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মুফতি সৈয়দ রেজাউল করীম আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে, একপক্ষকে সুবিধা দিয়ে একপক্ষীয় নির্বাচনের ঝুঁকি তৈরি করা হচ্ছে। তিনি এসব অপচেষ্টা বন্ধে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান।