জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চলার পথে অন্যায্য বাধা হিমালয়ের মতো দাঁড়ালেও ভয় না পেয়ে তা চুরমার করে লক্ষ্যপানে এগিয়ে যাওয়াই যুবকের পরিচয়। তিনি বলেন, দুনিয়ার যত বড় পরিবর্তন এসেছে—সবই এসেছে তরুণ সমাজের হাত ধরে। চব্বিশের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়েও মূল শক্তি ছিল যুবকরাই। আমরা সেই তারুণ্যের বাংলাদেশ চাই।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ ‘হ্যালো আওয়ার লিডার’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগ্রহী তরুণদের নিবন্ধনের মাধ্যমে জেন–জি’র প্রশ্নোত্তরভিত্তিক এই আয়োজন করে জামায়াতে ইসলামী।
উপস্থিত তরুণদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আমরা তোমাদের জন্য নিরাপদ, তোমাদের পছন্দের, গৌরবের বাংলাদেশ গড়তে চাই। একসঙ্গে কাজ করতে চাই। আগামী দিনে তোমরাই জাতিকে নেতৃত্ব দেবে।
তিনি জানান, তরুণদের ভাবনা জানতেই ‘জনতার ইশতেহার’ প্রকাশ করা হয়েছে। তরুণদের মতামত সেখানে অন্তর্ভুক্ত হবে। যাদের হাতে আগামীর বাংলাদেশ—তাদের পরিকল্পনাই আমরা গ্রহণ করবো। পূরণ করার সামর্থ নেই—এমন কোনো মিথ্যা আশ্বাস আমরা দেব না।
ডা. শফিকুর রহমান বলেন, আজ আমি শিক্ষা দিতে নয়—শিখতে এসেছি। জাতি ও নিজের জন্য শিখবো। তোমাদের হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদমুক্ত ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে দেশ গড়তে চাই।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, আজকের বেদনাদায়ক খবর—তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেন—এই দোয়া করেন তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে চায় না—তারাই হাদিকে বিদায় করেছে। কিন্তু আজ সে বিশ্বজনের কাছে প্রতীক। তার মতো আরও হাদি জন্মালে বাংলাদেশ পথ হারাবে না।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শুভেচ্ছা বক্তব্য শেষে শুরু হয় জেন–জি’র প্রশ্নোত্তর পর্ব। তরুণদের নানা ভাবনা ও প্রশ্নের জবাব দেন জামায়াত আমির। আয়োজন ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।