আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ–৫ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তকে ঘিরে নওগাঁর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় নওগাঁ–৫ আসনে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয়। তার প্রার্থিতা ঘোষণার পর এলাকায় প্রাথমিক প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়েছিল।
এনসিপির ঘোষিত তালিকা অনুযায়ী, নওগাঁ–১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ–২ (পত্নীতলা ও ধামুইরহাট) আসনে জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ–৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে পরিমল চন্দ্র উরাও এবং নওগাঁ–৪ (মান্দা) আসনে জেলা কমিটির সদস্য আব্দুল হামিদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে নওগাঁ–৬ (আত্রাই–রাণীনগর) আসনে এখনো প্রার্থী ঘোষণা স্থগিত রয়েছে।
মনিরা শারমিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ সম্পর্কে দলীয়ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে এনসিপির ভেতরে জোট ও আসন সমঝোতা নিয়ে যে টানাপোড়েন চলছে, তার প্রভাব এই সিদ্ধান্তে পড়তে পারে। এ ঘটনায় নওগাঁ–৫ আসনে এনসিপির পরবর্তী রাজনৈতিক অবস্থান কী হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে।