জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। রোববার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথাও স্পষ্ট করেন তিনি।
পোস্টে তাসনুভা জাবিন লেখেন, অত্যন্ত ভাঙা মন নিয়ে তিনি এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। তিনি উল্লেখ করেন, ঠিক যেদিন তার নির্বাচনকে কেন্দ্র করে তার মা চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন, সেদিনই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। বিষয়টি তাকে মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, তার সিদ্ধান্তে অনেক সমর্থক কষ্ট পেয়েছেন—এ কথা তিনি জানেন। তবে ন্যূনতম আশার জায়গা না থাকায় আত্মসম্মান ও বিবেচনার জায়গা থেকেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচনী প্রচারণার জন্য পাওয়া অনুদান ফেরত দেওয়ার ঘোষণাও দেন তাসনুভা জাবিন। তিনি বলেন, ধাপে ধাপে প্রত্যেক সমর্থকের পাঠানো অর্থ ফেরত দেওয়া হবে এবং এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা পরে জানানো হবে।
রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই মাসে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি রাজপথে নেমেছিলেন। ভবিষ্যতেও দেশের গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে তার কণ্ঠস্বর সক্রিয় থাকবে। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপন্থী ও বাংলাদেশপন্থী নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে জায়গাটি ফাঁকা পড়ে আছে, সেটি পূরণের চেষ্টা তিনি চালিয়ে যাবেন।
এই পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।