গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার রাতে দেওয়া এক অডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খান গণঅধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করবেন এবং বিএনপির প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, দলের সভাপতি নুরুল হক নুর নিজে গণঅধিকার পরিষদের প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন। অন্যদিকে, রাশেদ খান ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপির নেতৃত্বে গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট একদফা দাবিতে যুগপৎ আন্দোলনে অংশ নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যৎ জাতীয় সরকার গঠনের লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়।
তিনি আরও বলেন, বর্তমান আরপিএর বিধান অনুযায়ী জোটবদ্ধ থাকলেও নির্বাচনে নিজ নিজ প্রতীকে ভোট করতে হয়। ফলে সব আসনে সবাই নিজস্ব প্রতীকে বিজয়ী হওয়া সম্ভব নাও হতে পারে। এই বাস্তবতায় যুগপৎ আন্দোলনের শরিকদের কেউ কেউ নির্বাচনে জয়ের কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই কৌশলের অংশ হিসেবেই রাশেদ খানকে দল থেকে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে।
নুরুল হক নুর জানান, রাশেদ খানের পদত্যাগের পর শিগগিরই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদের জন্য একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে।